মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের মাধ্যমে এই আবেদন দাখিল করা হয়।

আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ জানান, মোজাম্মেল বাবু প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এবং ২০২৩ সালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর ক্যানসারের বর্তমান অবস্থা বুঝতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, গত বছরের ২৬ জুলাই কারাগারে স্বাস্থ্যের অবনতি হলে কর্তৃপক্ষ তাঁর পরীক্ষা করলেও সেই প্রতিবেদন পরিবার বা আইনজীবীকে জানানো হয়নি, যার ফলে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাঁরা অবগত নন।

এমতাবস্থায় মোজাম্মেল বাবুর বর্তমান শারীরিক অবস্থা জানতে দ্রুত নতুন করে স্বাস্থ্য পরীক্ষার আবেদন করেন তাঁর আইনজীবী। একই সঙ্গে গত বছরের ২৬ জুলাইয়ের পরীক্ষার প্রতিবেদন প্রদান এবং নতুন পরীক্ষার ফলাফল ট্রাইব্যুনালে উপস্থাপনের অনুরোধ জানানো হয়।

শুনানি শেষে আইনজীবী হামিদুল মেজবাহ মুক্তকণ্ঠকে বলেন, "শুনানি শেষে ট্রাইব্যুনাল গত বছরের ২৬ জুলাই করা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। ওই প্রতিবেদন পাওয়ার পর ট্রাইব্যুনাল নতুন করে স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।"

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্রিক হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলাটি করা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাও রয়েছেন।