নওগাঁ সদর উপজেলার ফতেপুর (১ম) উচ্চবিদ্যালয়ের আয়া শেফালি বেগম। পদমর্যাদায় তিনি হয়তো একজন সাধারণ কর্মচারী, কিন্তু দীর্ঘ ৩৪ বছরের একনিষ্ঠ সেবায় তিনি হয়ে ওঠেন সবার প্রিয় ‘শেফালি খালা’। গত ৩০ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন। তার এই বিদায়লগ্নে বিদ্যালয় চত্বরে যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, তা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়বেলায়ও দেখা যায় না।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত ও সংসারহীন শেফালি বেগমের কাছে বিদ্যালয়ই ছিল তাঁর একমাত্র পরিবার। নিজের সন্তান না থাকলেও তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। টিফিনের খোঁজ নেওয়া, ভুলত্রুটি শুধরে দেওয়া বা অসুস্থতায় মায়ের মতো যত্ন নেওয়ার কারণে তিনি সবার নয়নের মণি হয়ে ওঠেন। কাজের সময় নিজের ক্লান্তিকে তিনি কখনো প্রশ্রয় দেননি।
অবসরের দিন বিদ্যালয়ে শোকাতুর পরিবেশ বিরাজ করে। তাঁর ত্যাগের যথাযথ মূল্যায়নে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি জমকালো বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর-ই আলম মিঠু। প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য লিটন হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
পরিচালনা কমিটির সভাপতি নূর-ই আলম মিঠু তার বক্তব্যে বলেন, "শেফালি বেগম আমাদের বিদ্যালয়ের শুধু একজন কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের অন্যতম এক স্তম্ভ। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি যেভাবে প্রতিটি শিক্ষককে সম্মান করেছেন এবং প্রতিটি শিক্ষার্থীকে সন্তানের মতো ভালোবেসেছেন, তা আমাদের সবার জন্য এক অনন্য অনুপ্রেরণা। পদের দিক থেকে কেউ বড় বা ছোট হতে পারে, কিন্তু তার কর্তব্যপরায়ণতা এবং মমত্ববোধ আমাদের সবার চেয়ে উঁচুতে।"
অনুষ্ঠানের সবচেয়ে মানবিক দৃশ্যটি দেখা যায় বিদায়ের ঠিক পর মুহূর্তে। গুণী এই নারীর বিদায়লগ্নে ফতেপুর উচ্চবিদ্যালয় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। অত্যন্ত মর্যাদা ও ভালোবাসার সঙ্গে তাকে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। যাওয়ার সময় শত শত শিক্ষার্থী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তার ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানায়। শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্রুসজল ভালোবাসায় সিক্ত হয়ে সেই সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়েই নিজের বাড়িতে ফিরে যান তিনি।