ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকেই সুপারিশগুলো করা হয়।

চলতি সংসদের জন্য এটি কমিটির প্রথম বৈঠক। সূত্র জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদীয় কমিটির সদস্যদের অবগত করা হয়। বৈঠকের কার্যপত্রে উঠে আসে যে, গত পাঁচ অর্থবছরের কোনোটিতেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি টেলিটক।

টেলিটকের আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রান্তিক এলাকায় গ্রাহকসংখ্যা বৃদ্ধি, হাওর, পার্বত্য ও দ্বীপের মতো দুর্গম এলাকায় বিদ্যমান কভারেজ ১০ শতাংশ বাড়ানো, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি টেলিটকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে। এ ছাড়া নতুন প্রজন্ম গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে।

বৈঠকে ডাক বিভাগের ডেটাবেজে নাগরিকদের ঠিকানা সংরক্ষণ, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সেবা প্রদান, এআই-সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্ট প্রচলনে সহায়তা, কলসেন্টারের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি, সাইবার সিকিউরিটি এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রকল্পকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, আবুল খায়ের ভূঁইয়া, তমিজ উদ্দিন, মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা।