শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা কোনো প্রজ্ঞাপনের প্রয়োজন নেই। একটি সাধারণ প্রজ্ঞাপনের মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষকরা পে-স্কেলের আওতায় আসবেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন জাতীয়করণকৃত সরকারি কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সচিব আবদুল খালেক বলেন, "সরকারি চাকরিজীবীরা যে সুবিধা পাবেন, শিক্ষকরাও ঠিক তাই পাবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এ সরকারের আন্তরিকতার কারণে।"

তিনি আরও জানান, বর্তমান সরকার ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে কাজ করছে। সরকারিকৃত কলেজগুলোর শিক্ষকরা ভবিষ্যতে বদলির সুবিধা পাবেন বলেও তিনি নিশ্চিত করেন। এই বিষয়ে নীতিমালা প্রণয়ন চলছে।