গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) প্রায় ১৫ ঘণ্টা পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যান। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন আজ সকালে মুক্তকণ্ঠকে বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গতকাল সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মহানগর আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাঁদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে বাইমাইল এলাকায় রাজা শৌচকর্মের কথা বলে চিৎকার শুরু করেন। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাঁকে গাড়ি থেকে নামালে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, রাজা বিস্ফোরক আইনের একটি মামলায় কারাগারে ছিলেন। আদালত থেকে ফেরার পথে থানা-পুলিশের হেফাজত থেকে তিনি পালিয়ে যান।
চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি ইফতেখার হোসেন বলেন, সকালে কাশিমপুর কারাগারে গিয়ে রাজা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে। পালিয়ে যাওয়ার পরপরই আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।