কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে চাঁদপুরের মতলব সার্কেলের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মোট ৩৫৮ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরিচালিত এই অভিযানে কিশোর-তরুণদের দূরে রাখতে একযোগে সব থানায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, মতলব উত্তরে ৫৩ জন, মতলব দক্ষিণে ৩৭ জন, ফরিদগঞ্জে ৪১ জন, শাহরাস্তিতে ৪৫ জন, কচুয়াতে ৬২ জন, হাজীগঞ্জে ৩৭ জন ও হাইমচর ৪৮ জনকে আটকসহ মোট ৩৫৮ জনকে আটক করা হয়।
পুলিশের জানায়, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফোনে অনলাইন গেমের মাধ্যমে জুয়া খেলাবস্থায় কিশোরদের পাওয়া যায়।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরে সবগুলো থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোরদের আটক করা হয়। এর মধ্যে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এছাড়া যাদের কাছে মাদক পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকি কিশোরদের পরিবারের জিম্মায় দেয়া হচ্ছে। কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।