নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, স্যানিটেশন এবং অতিদরিদ্রদের সহায়তায় ৭ হাজার ২৪৫ কোটি টাকার অর্থায়ন কার্যক্রম হাতে নিয়েছে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে শুধু ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য দেওয়া হবে ৫০০ কোটি টাকা।

আজ রোববার রাজধানীর পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে ৫০০ কোটি টাকার সরকারি বরাদ্দের ভিত্তিতে একটি বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম শুরু করেছে পিকেএসএফ। এর আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এ জন্য ‘সৌরশক্তি’ নামে এক বিশেষায়িত ঋণ নীতিমালার অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত কুটির ও মাইক্রো–এন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মোট ৫ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং বিভিন্ন মূল্য সংযোজনভিত্তিক কার্যক্রমে এই অর্থায়ন করা হবে। এর মূল উদ্দেশ্য স্বল্প আয়ের জনগোষ্ঠীর দক্ষতা ও উৎপাদনসক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

এ ছাড়া পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর অনুকূলে ক্লাস্টারভিত্তিক মাইক্রো–এন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী, কৃষিসহ বিভিন্ন খাতে আরও প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়।