‘ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত’ শিরোনামে মুক্তকণ্ঠ অনলাইনে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিটোপিয়া গ্রুপ। প্রতিষ্ঠানটি এই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোকে অনুমাননির্ভর এবং ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে।
প্রতিবাদে বিটোপিয়া স্পষ্ট করেছে যে, সংবাদে কর্মীদের মূল পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়—এই দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো কর্মীর মূল পরিচয়পত্র জমা রাখা হয় না; যাচাইয়ের জন্য কেবল ফটোকপি সংরক্ষণ করা হয়। এছাড়া, কোনো কর্মীর অজ্ঞাতসারে তাঁর পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়নি। প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর লিখিত সম্মতি নেওয়া হয়েছে বলেও তারা দাবি করে।
বিটোপিয়া আরও উল্লেখ করেছে, তাদের প্ল্যাটফর্মভিত্তিক কার্যক্রম মূলত প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত এজেন্সি প্রোফাইলের মাধ্যমে পরিচালিত হয়, যা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিজস্ব এজেন্সি নীতিমালা অনুসারে গঠিত ও পরিচালিত। প্রতিযোগীদের ক্ষতি করতে ভুয়া অ্যাকাউন্ট থেকে অর্ডার, পরিকল্পিত রিফান্ড বা নেতিবাচক রিভিউ প্রদান—এ ধরনের কোনো কার্যক্রম তাদের প্রতিষ্ঠানে কস্মিনকালেও অনুমোদিত নয় এবং ইতিপূর্বে কখনো পরিচালিত হয়নি।
কর্মিবান্ধব প্রতিষ্ঠান হিসেবে নতুন ও তরুণ পেশাজীবীদের কাজের সুযোগ তৈরি করছে বিটোপিয়া। তাই, কোনো কর্মীকে কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে তারা দাবি করে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ফ্রিল্যান্সারের বিরুদ্ধে হয়রানিমূলক বা মিথ্যা কোনো মামলা বা অভিযোগ করা হয়নি বলেও বিটোপিয়া স্পষ্ট করেছে। মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি বা জেলে পাঠানোর অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। উত্থাপিত প্রতিটি বিষয়ে নথিভিত্তিক তথ্য সংরক্ষিত রয়েছে এবং যেকোনো নিয়ন্ত্রক বা তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপনে বিটোপিয়া গ্রুপ প্রস্তুত।