নওগাঁয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ও গোপন মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে পুলিশ সূত্রে জানা গেছে, তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ জানান, জেলায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের খবর পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যদের সহায়তায় মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়। এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, "নওগাঁ জেলাকে শান্ত রাখতে ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর এবং কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।"
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে বলিহার ব্রিজ এলাকা থেকে ওই ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা তাদের ছিল কি না, সে বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"