ক্যানসার চিকিৎসায় আন্তর্জাতিক মানের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড পাঁচটি নতুন বায়োলজিক মলিকিউল বাজারে আনতে যাচ্ছে। রাজধানীতে গতকাল শুক্রবার মেডিক্যাল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ (এমওএসবি) সম্মেলনের শিল্পভিত্তিক স্যাটেলাইট সিম্পোজিয়ামে এই তথ্য জানানো হয়। এসকেএফ এই অধিবেশনের বৈজ্ঞানিক অংশীদার ছিল।
অধিবেশনে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সিনিয়র গ্রুপ ম্যানেজার শাহরিয়ার ইসলাম বলেন, "বাংলাদেশের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের বায়োলজিকস সহজলভ্য করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রথম ধাপে পাঁচটি নতুন বায়োলজিকস মলিকিউল বাজারে আনার পরিকল্পনা রয়েছে।" তিনি আরও জানান, এসব ওষুধ বিশেষায়িত উৎপাদন সুবিধায় তৈরি হবে, যেখানে অত্যাধুনিক রেস্ট্রিক্টেড অ্যাকসেস ব্যারিয়ার সিস্টেম (আরএবিএস) প্রযুক্তি ব্যবহার করা হবে। স্পেনের টেলস্টারের সহযোগিতায় গড়ে ওঠা এই ইউনিটে উৎপাদন, গুণমান ও নিরাপত্তার আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
সিম্পোজিয়ামে ক্যানসার চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন বিভিন্ন বিশেষজ্ঞ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা স্পেশালিস্ট সেন্টারের জ্যেষ্ঠ পরামর্শক ও মেডিক্যাল অনকোলজিস্ট রিচার্ড কুয়েক ‘রিল্যাপ্সড স্মল সেল লাং ক্যানসার: নিউ স্ট্যান্ডার্ডস আফটার প্ল্যাটিনাম ফেইলিওর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর অনুষ্ঠিত প্যানেল আলোচনায় মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. কুদরত-ই-এলাহী, অধ্যাপক আবুল আহসান দিদার ও অধ্যাপক ফেরদৌস শাহরিয়ার অংশ নেন। তারা দেশে ক্যানসার চিকিৎসায় বায়োলজিকসের কার্যকারিতা এবং রোগীদের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে এসকেএফের মেডিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের এজিএম মো. মুরাদ হোসাইন অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান। একই সঙ্গে এমন একটি বৈজ্ঞানিক আয়োজনের অংশীদার করার জন্য তিনি এমওএসবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।