নারী ক্রিকেটের লিস্ট ‘এ’ বিভাগে ইতিহাস গড়েছে ভারতের ‘এ’ দল। অস্ট্রেলিয়া ‘এ’-এর দেওয়া ৩৬৩ রানের বিশাল লক্ষ্য মাত্র ১০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে তারা। এটি নারী লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া হিসেবে স্বীকৃত হয়েছে।
শুক্রবার মোহালিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের শেষ অনানুষ্ঠানিক ওয়ানডেতে ৪ উইকেটের ব্যবধানে জয়লাভ করে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিক ভারত।
বিশাল লক্ষ্য তাড়ায় ভারতের অন্যতম প্রধান ভূমিকা রাখেন মিন্নু মনি। সাত নম্বরে ব্যাটিংয়ে নামা এই তারকা খেলোয়াড় মাত্র ৫৬ বলে অপরাজিত ৮৮ রান করেন। তার এই ইনিংসে ছিল ১২টি চার এবং ৩টি ছক্কা।
তবে ভারতের জয়ের পথটা মোটেও সহজ ছিল না। ২০তম ওভারে ১১৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর ম্যাচটি অনেকটা অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল। কিন্তু সেখান থেকে অনুষ্কা শর্মা ও নিকি প্রসাদের ৯১ রানের জুটি ভারতকে আবার লড়াইয়ে ফেরায়। এরপর নিকির সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৭ রান যোগ করেন মিন্নু। নিকি করেন ৭৬ রান, আর অনুষ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান। ওপেনার তানিশা সিংও করেন ৬০ রান। শেষ দিকে জিন্তিমণি কলিতাকে সঙ্গে নিয়ে ৪৮.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন মিন্নু।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ‘এ’ ৯ উইকেটে করেছিল ৩৬২ রান। চার্লি নট ১০৯ ও কোর্টনি ওয়েব ৯৫ রান করেন। তৃতীয় উইকেটে দুজনের জুটি ছিল ১৬৬ রানের। ভারতের বৈষ্ণবী শর্মা ৪৮ রানে এবং নিকি প্রসাদ ৮৪ রানে চারটি করে উইকেট নেন।
নারী লিস্ট ‘এ’ ক্রিকেটে এর চেয়ে বড় লক্ষ্য তাড়া হয়েছে মাত্র একবার। ২০২৪ সালে রাজকোটে হরিয়ানার বিপক্ষে ৩৯০ রান তাড়া করে জিতেছিল বেঙ্গল।