ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপি নেতৃত্ব সাফল্য অর্জন করতে পারছে না। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন, ‘সরকার গঠনের পরে অর্ধ বছর চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় কোনো একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোনো একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’

তিনি জ্বালানি সংকটের তীব্রতা এবং বিদ্যুৎ সমস্যার মাত্রা ছাড়িয়ে যাওয়া উল্লেখ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠে যাওয়ার কথা জানান। সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

শায়েখে চরমোনাইয়ের মতে, বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য দেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। শরিয়া, সততা ও দক্ষতাকে সামনে রেখে নির্বাচনি প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।