স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে সরাসরি নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়ে আবার তাগিদ দিয়েছে। ১১তম গ্রেডের এই শূন্য পদগুলোতে জনবল নিয়োগের ছাড়পত্র পাওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে ২২ সেপ্টেম্বর এ সংক্রান্ত তাগিদপত্র জারি করা হয়। চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছিল। এ জন্য নির্ধারিত ছকে নির্ভুল তথ্য পাঠানোর পাশাপাশি পদ সৃজনের আদেশের কপি সংযুক্ত করে প্রস্তাবিত পদগুলো ভিন্ন কালিতে চিহ্নিত করে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব পাঠাতে বলা হয়েছিল।

এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়। পরে চাওয়া তথ্য না পাওয়ায় একই বছরের ২৮ অক্টোবর প্রথম দফায় তাগিদপত্র দেওয়া হয়। তবে এরপরও অদ্যাবধি চাওয়া তথ্য পাওয়া যায়নি।

এ অবস্থায় আগের চিঠির আলোকে যাচাই করা তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে আবার অনুরোধ করা হয়েছে। চিঠিতে নির্ধারিত ছকে সঠিক তথ্য, সংশ্লিষ্ট পদ সৃজনের আদেশের কপি ও প্রস্তাবিত পদ চিহ্নিত করে পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে এসব তথ্য পাওয়ার পর ১১তম গ্রেডের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদানের বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।