কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে অন্যের কণ্ঠস্বর নকল করে প্রতারণার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলাম প্রতারণার শিকার হয়ে নাটোর সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আইদুল হোসেনের ছেলে মো. সোহেল মন্ডল এবং মো. হাসেম আলীর ছেলে মো. হেলাল ইসলাম। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এসআরবি জানায়, চলতি বছরের ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের ফোনে কল আসে। কলকারী জানান, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে আমিনুল ইসলামের ছেলের কন্ঠে কথা বলে প্রতারকচক্র তার বিশ্বাস অর্জন করে। প্রতারকরা দাবি করে, ছেলেকে ছাড়ানোর জন্য তাদের কাছে টাকা পাঠাতে হবে।
প্রতারকদের চাহিদা অনুযায়ী আমিনুল ইসলাম দুই দফায় ৪০ হাজার টাকা মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে পাঠান। পরে তিনি যখন ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, তখন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। প্রতারিত হওয়ার পর তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে মামলা করেন।
প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে কার্যক্রম শুরু করে এসআরবি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. সোহেল মন্ডল ও মো. হেলাল ইসলামকে তাদের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি ফোন, একটি পাসপোর্ট এবং নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, "গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, গত ৪৮ ঘণ্টায় গাইবান্ধায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ, রংপুরের তাজহাটে অটোরিকশা গ্যারেজ মালিক হত্যা মামলার একজন আসামি গ্রেপ্তার, পীরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার, কুড়িগ্রামে মাদক মামলায় ছয়বছর সাজাপ্রাপ্ত একজন আসামি গ্রেপ্তার, দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি গ্রেপ্তার এবং রংপুরের গংগাচড়া এলাকা থেকে একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়।