কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের সকল কর্মচারীকে শোকজ করা হয়েছে। বুধবার বিকেলে অফিস সময়ের শেষ কর্মঘণ্টায়ও কর্মস্থলে উপস্থিত না থাকায় এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

বুধবার দিনের শেষভাগে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। সেখানে তিনি দেখতে পান অফিসের নাজির আতিকুর রহমান, সার্ভেয়ার মোহাম্মদ সালাউদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মো. রুকুনুজ্জামান এবং সার্টিফিকেট পেশকার জয়নাব সুলতানা অনুপস্থিত। তাদের বিরুদ্ধে এর আগেও অফিস সময়ে কাজে ফাঁকি দেওয়া ও সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগ ছিল। সরকারি নিয়মানুযায়ী কর্তব্যে অবহেলার জন্য ওই চারজনকে শোকজ করা হয়।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, "সরকারের নির্ধারিত সময় পর্যন্ত অফিসে অবস্থান ও কাজ করা সবার দায়িত্ব। বিকেলে ভূমি অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এজন্য সবাইকে শোকজ করা হয়েছে।"