রাতে কাঁচাবাজার করতে বাসা থেকে বেরিয়েছিলেন পোশাকশ্রমিক মো. হাসান তালুকদার (৪৮)। গতকাল বুধবার রাতে রাজধানীর তুরাগের নলভোগ কবরস্থান-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হাসান তালুকদার নলভোগ এলাকার একটি মেসে থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় অ্যাকসেসরিজ লেভেল অপারেটর হিসেবে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসানের রুমমেট আকরাম হোসেন মুক্তকণ্ঠকে বলেন, গতকাল রাত আটটার দিকে হাসান কাঁচাবাজার করতে মেস থেকে বেরিয়েছিলেন। নলভোগ কবরস্থান-সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।
হাসান তালুকদারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সোবাহান তালুকদার।