এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকা শহরের আশপাশের শহরতলি ও দ্রুত সম্প্রসারিত নগর-শিল্পাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালীকরণের জন্য বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এই ঋণের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারগুলোতে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্য রাখা হয়েছে। আজ বুধবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রকল্প'-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির সেবা এলাকায় বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নত করবে। এডিবির 'ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগ'-এর অংশ হিসেবে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে অতিরিক্ত চাপে থাকা সাবস্টেশন, পুরোনো অবকাঠামো, বিদ্যুৎ বিতরণে ক্ষয়ক্ষতি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করা হবে।

প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট–অ্যাম্পিয়ার নতুন ট্রান্সফরমার সক্ষমতা যুক্ত করা হবে। পাশাপাশি বিদ্যমান ১২টি সাবস্টেশনের সক্ষমতা ১১৫ মেগাভোল্ট–অ্যাম্পিয়ার বাড়ানো হবে। এ ছাড়া ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা উন্নয়ন করা হবে। নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন করা হবে।

বিদ্যুৎ ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে নদী পারাপারের ট্রান্সমিশন অবকাঠামো ও সুইচিং স্টেশন নির্মাণ করা হবে। দ্রুত ত্রুটি শনাক্ত ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য ৯০০টি ফল্ট লোকেটর সেট স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, "বাংলাদেশ আরও সমৃদ্ধ, সহনশীল ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক অর্থনীতি হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগ আকর্ষণে আধুনিক বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"