নির্বাচন কমিশন (ইসি) আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য নতুন প্রতীক তালিকা এবং বিধিমালা প্রকাশ করেছে। স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচনে নির্দলীয় প্রতীকে ভোট গ্রহণের লক্ষ্যে চেয়ারম্যান, সংরক্ষিত সাধারণ সদস্য ও সাধারণ সদস্য আসনের জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর জারিকৃত 'ইউপি নির্বাচন বিধিমালা (সংশোধনী)' প্রজ্ঞাপনটি বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান পদের জন্য ২০টি, সংরক্ষিত আসনের জন্য ১০টি এবং সাধারণ সদস্য পদের জন্য ১২টি করে প্রতীক বরাদ্দ রাখা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থীদের জন্য নির্বাচিত প্রতীকগুলো হলো: কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্স, ময়ূর, মোবাইল ফোন, মোটর সাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
এছাড়া সংরক্ষিত আসনের সদস্য পদের জন্য আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার প্রতীক বরাদ্দ করা হয়েছে। সাধারণ সদস্য পদের জন্য উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যয়ের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা এবং সাধারণ সদস্য পদপ্রার্থীর ক্ষেত্রে এটি ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিধিমালায় স্পষ্ট করা হয়েছে, কোনো প্রার্থী যদি মোট ভোটের ১৫ শতাংশের কম ভোট পান, তবে তার জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হবে। নির্বাচনী ব্যয় পরিচালনার ক্ষেত্রে প্রার্থী বা তার এজেন্টের জন্য একটি সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই অ্যাকাউন্টে ২০ হাজার টাকার বেশি কোনো লেনদেন ব্যাংকিং মাধ্যম ছাড়া সম্পন্ন করা যাবে না বলে বিধিতে উল্লেখ আছে।
এ ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চেয়ারম্যান পদপ্রার্থীদের ১২ ডিজিটের টিআইএন সনদ ও আয়কর রিটার্নের কপি যুক্ত করতে হবে। ভোটে অনিয়ম রোধে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, সংসদের মতো করে ইউপি ভোটে হলফনামায় তথ্য স্পষ্টীকরণ এবং নির্দলীয় ভোটের প্রতীক সংরক্ষণসহ একগুচ্ছ সংশোধনী আনা হয়েছে।