রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে তাপমাত্রা সামান্য হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ এসব এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। অন্যদিকে, আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।