যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের কাছে ‘৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায়’ অবস্থিত তুর্কি হাউসে এই বৈঠকটি হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। দুই নেতা একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়াও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। দুই নেতা পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের কথাও উল্লেখ করেন।