ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনের মাধ্যমে নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আবেদনকারী চার শিক্ষার্থীর ক্ষেত্রে এই সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। অধিভুক্তির পর বিভিন্ন সংকট দেখা দেয়। গত বছরের জানুয়ারিতে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার এসব কলেজ একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ এবং ১০ এপ্রিল আইন জারি করা হয়।

রিট আবেদনকারী পক্ষ জানায়, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত সভায় সাত কলেজের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। এরপর ২৭ আগস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রোডম্যাপ জারি করে, যাতে তিনটি নির্দিষ্ট শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্থানান্তরের বিষয়টি উল্লেখ ছিল। এই রোডম্যাপের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি মাসে চার শিক্ষার্থী রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও আইনজীবী কাজী আখতার হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। রিটকারী পক্ষের আইনজীবী যুক্তি দেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইনের ৫৯(৪) ধারা অনুযায়ী শুধুমাত্র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্নাতক সনদ পেতে পারেন। আইনটি ২০২৬ সালে কার্যকর হওয়ার কথা, যা প্রেসপেক্টিভ অর্থাৎ ভবিষ্যতমুখী। আগের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্থানান্তরের কোনো বিধান আইনে নেই। প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এমন স্থানান্তর করলে শিক্ষার্থীদের একাডেমিক পরিচয় ও অর্জিত অধিকার নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।

আইনজীবী কাজী আখতার হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, "সাত কলেজের তিনটি শিক্ষাবর্ষের (২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪) শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনের মাধ্যম নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের ওই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।" তিনি জানান, গত ২৩ আগস্টের সিদ্ধান্তভিত্তিক ২৭ আগস্টের রোডম্যাপ আবেদনকারী চার শিক্ষার্থীর ক্ষেত্রে দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান জানান, শুধুমাত্র রিট আবেদনকারী চারজনের ক্ষেত্রে সিদ্ধান্তটি স্থগিত থাকবে। অন্য সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে রোডম্যাপের কার্যক্রম চলমান থাকবে।