দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম শাখা পাহাড়তলী জোনের সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহানকে হাতেনাতে আটক করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালত ভবন এলাকার জেলা রেজিস্ট্রি কার্যালয়ে তিনি নগদ ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় ধরা পড়েন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ঘুষ হিসেবে নেওয়া ওই অর্থ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষের টাকা গ্রহণকালেই দুদকের সদস্যরা সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহানকে আটক করেন।

উপপরিচালক মো. আল-আমিন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘুষের টাকাসহ সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে আটক করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত আবদুস সোবাহানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে দুদক।’

দুদক জানিয়েছে, আটক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।