বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান গভর্নর। পাশাপাশি বাংলা কিউআর-এর ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং এ খাতে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

ভারতের হাইকমিশনার বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর জোর দিলে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন। তিনি প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান।