রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশনে এ সংগঠনের বগুড়া শাখার আয়োজনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের নেতারা বলেন, "রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে।" তারা এসব অপকর্মের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বগুড়া শাখার সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাজেদুল রহমান সাজু, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী, সম্পাদক আব্দুল জলিল, শ্রমিক দল বগুড়া শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুর রহমান, সহসভাপতি ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক মনির হোসেন, সহসম্পাদক নূরে আলম সিদ্দিকী (সাব্বির) এবং প্রচার সম্পাদক সানোয়ার মন্ডল।

কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নেতাকর্মীসহ সাধারণ রেলওয়ে শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। সমাবেশ শেষে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্টেশনের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।