জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চের ক্ষেত্রে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানো প্রয়োজন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রস্তাবনা পেশ করেন।

প্রেসবার্তায় উল্লেখ করা হয়, জ্বালানির দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধিত্বকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। বাস ও লঞ্চ মালিকদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলো দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করলেও জনস্বার্থে ভাড়া নির্ধারণে স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবি, পরিচালন ব্যয় ঠিক কত টাকা বেড়েছে এবং কত পয়সা ভাড়া বাড়ালে তা সমন্বয় করা সম্ভব, তার কোনো স্বচ্ছ হিসাব প্রকাশ করা হচ্ছে না। তারা আরও অভিযোগ করে যে, বিগত সরকারের আমল থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একচেটিয়া সুবিধা বাস ও লঞ্চ মালিকদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সংগঠনটি আরও জানায়, দেশের বৃহত্তর অংশীজন হিসেবে যাত্রীদের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে না বলে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।