পাবনার ঈশ্বরদীতে পাকশী-ঈশ্বরদী মহাসড়কে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি বাস চাপা দিয়ে এক ব্র্যাক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন (৪৬) রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়ায় ব্র্যাকের কার্যালয়ে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আনোয়ার হোসেন। ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান। পরপর দুটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। এসআই আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।