বিশ্বকাপ জয়ের পর পুরস্কার হিসেবেই লুইস দে লা ফুয়েন্তের দায়িত্ব বাড়ল। স্পেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচের সাথে দেশটির ফুটবল ফেডারেশন নতুন করে ছয় বছরের চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ২০৩২ ইউরো পর্যন্ত তিনি স্প্যানিশ ডাগআউটে থাকবেন।

সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পরিচালনা পর্ষদের সভায় এই চুক্তি নবায়নের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। পরে ফেডারেশন সভাপতি রাফায়েল লুজান বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। স্পেনের ইতিহাসে কোনো প্রধান কোচের সাথে এত দীর্ঘমেয়াদী চুক্তি হওয়া এবারই প্রথম। এর ফলে ২০২৮ ইউরো, ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ এবং ২০৩২ ইউরো—এই তিনটি বড় টুর্নামেন্টেই দে লা ফুয়েন্তেকে দায়িত্বে রাখার পরিকল্পনা করেছে স্প্যানিশ ফেডারেশন।

২০২২ বিশ্বকাপের পর লুইস এনরিকের উত্তরসূরি হিসেবে স্পেনের দায়িত্ব নেওয়ার পর থেকে সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন দে লা ফুয়েন্তে। ২০২৩ সালে উয়েফা নেশন্স লিগ জয়ের পর ২০২৪ ইউরোর শিরোপা ঘরে তোলে স্পেন। এরপর গত জুলাইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে তারা ২০২৬ বিশ্বকাপও জিতেছে। দে লা ফুয়েন্তের অধীনেই স্প্যানিশরা তাদের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড গড়েছে।

বিশ্বকাপ জয়ের মাত্র দুই মাস পরই দীর্ঘমেয়াদে কোচের ওপর আস্থা দেখাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নতুন চুক্তি নিয়ে দে লা ফুয়েন্তে বলেছেন, "সাম্প্রতিক সাফল্যকে তিনি শেষ নয়, বরং নতুন শুরুর অংশ হিসেবে দেখছেন। তার বিশ্বাস, স্পেনের এই দলের সামনে এখনও আরও সাফল্য অপেক্ষা করছে।"

ফেডারেশন সভাপতি লুজানও জানিয়েছেন, স্থিতিশীলতা ও আস্থার ভিত্তিতে দীর্ঘমেয়াদি প্রকল্প গড়তেই দে লা ফুয়েন্তের সাথে ২০৩২ পর্যন্ত চুক্তি করা হয়েছে।