চট্টগ্রাম নগরের বাদুরতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র ও ভিডিও অনুযায়ী, আজ সোমবার সকালে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। দাবি করা হচ্ছে, ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ১ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকার একটি গলি থেকে ২০-৩০ জন কিশোর ও যুবকের একটি দল ব্যানার নিয়ে মূল সড়কে প্রবেশ করছে। মিছিলের নেতৃত্বে চারজনকে দেখা গেলেও ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রায় এক মিনিট ধরে বিভিন্ন স্লোগান দেওয়ার পর দলটি দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনা প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, "ভিডিওটি খুব সম্ভবত সকালের। বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।"