জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।
সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটর এলাকায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। প্রজ্ঞাপনে জানানো হয়, সোমবার থেকেই এই নতুন মূল্য তালিকা কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকায়, অকটেনের দাম ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকায় এবং পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকায় নির্ধারণ করা হয়েছে।
সরকারি মূল্য কাঠামো অনুযায়ী, লিটারপ্রতি এক্স-রিফাইনারি মূল্য (কর-উত্তর) ধরা হয়েছে ডিজেলের ক্ষেত্রে ১২৩ দশমিক ৫৮ টাকা, কেরোসিনে ১৪৩ দশমিক ৭৮ টাকা, অকটেনে ১৪৯ দশমিক ৭৮ টাকা এবং পেট্রোলে ১৪৪ দশমিক ৯৯ টাকা। ভোক্তা পর্যায়ের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারণে ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক পরিশোধ, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ভাড়া এবং ডিলার বা এজেন্টদের কমিশন যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে গত ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত ভাড়া প্রযোজ্য হবে।