রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনআরবি) চার সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া এনআরবি সদস্যদের মধ্যে রয়েছেন আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

এছাড়া রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনার তদন্তের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কমিটিতে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী অন্তর্ভুক্ত আছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনার দিন শিক্ষার্থীদের অবস্থান ও অবরোধের কারণে রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রেল যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। তবে সোমবার সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে অন্যান্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন গন্তব্যের ট্রেন রাজশাহী ছেড়ে যাচ্ছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। তদন্ত কমিটি ঘটনাটির সার্বিক বিষয় পর্যালোচনা করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।