লিওনেল মেসির দারুণ ফ্রি-কিক এবং লুইস সুয়ারেজের গোল সত্ত্বেও জয় পেল না ইন্টার মায়ামি। ঘরের মাঠে সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ফ্লোরিডার এই ক্লাবটি।

মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলা দেখায় সান দিয়েগো। ম্যাচের ১২তম মিনিটে আন্দেরস ড্রেয়ারের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে দ্রুতই উত্তরণ ঘটে মায়ামির। ২৪তম মিনিটে বক্সের ডান পাশ থেকে নেওয়া এক অসাধারণ ফ্রি-কিক বাঁকিয়ে ওপরের কোণে জড়ান আর্জেন্টাইন তারকা মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি তার ২০তম গোল, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থানে নিয়ে যায়। সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির হয়ে এটি তার ১০১তম গোল।

প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতির পর দ্বিতীয়ার্ধে জয়ের জন্য চাপ বাড়ায় মায়ামি। ৭৪তম মিনিটে রদ্রিগো দি পলের নিখুঁত পাস থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান সুয়ারেজ। চলতি লিগে উরুগুইয়ান স্ট্রাইকারের এটি ১৩তম গোল।

তবে লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ৮২তম মিনিটে আবারও গোল করেন ড্রেয়ার। তার দ্বিতীয় গোলেই সমতায় ফেরে সান দিয়েগো। ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় মায়ামি। উল্টো যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সান দিয়েগোর কিয়েরান সার্জেন্টের শট ঠেকিয়ে মায়ামিকে হার থেকে বাঁচান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।

শেষ পর্যন্ত ২-২ সমতাতেই ম্যাচটি শেষ হয়। ২৬ ম্যাচে ১২ জয়, ১০ ড্র ও ৪ হারে মায়ামির পয়েন্ট এখন ৪৬।