জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এই যাত্রা শুরু করেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

এই সফরে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও উপস্থিত আছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে সরকার প্রধানগণ শতাধিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিতেন। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পরিসরে একটি প্রতিনিধি দল নিয়ে এই প্রথম জাতিসংঘ যাচ্ছেন। এত ছোট প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সফর এই প্রথম।