সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, এটি পারসোনাল বিষয় এবং জামায়াতের কোনো বক্তব্য নেই। তিনি জানান, গাজী নজরুল জামায়াতের কেউ নন; তাই ব্যক্তিগত অপরাধ বা ঘটনার তদন্তের দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত।
গণমাধ্যমকে তিনি বলেন, "এটা তো পারসোনাল বিষয়। এটা নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। তা ছাড়া গাজী নজরুল তো জামায়াতের কেউ না। ব্যক্তিগত অপরাধ বা ঘটনা তদন্তের দায় তো সরকারের। এখানে জামায়াতের কোনো বক্তব্য নেই।"
এদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় প্রথম স্ত্রীসহ গাজী নজরুল ইসলামকে পুলিশ হেফাজতে নিয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইবনে মিজান জানান, সন্ধ্যা ৭টার দিকে ফ্ল্যাটটি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক দলকে ডাকা হয়েছে। থানা পুলিশ কখন রুমে প্রবেশ করবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি স্বীকার করেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। এরপর ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে। পরবর্তীতে দলের পক্ষ থেকে স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।