ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সালথা থানা পুলিশ জানায়, রাজনৈতিক পরিবর্তনের পর থেকে হেমায়েত হোসেন এলাকায় প্রকাশ্যে আসেননি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থানের খোঁজ পেয়ে পুলিশের একটি দল কাগদী বাজারে অভিযান চালায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, হেমায়েত হোসেনের বিরুদ্ধে সহিংসতা, মারামারি ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, "হেমায়েত হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।"