কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস রোড রানিং চ্যাম্পিয়নশিপের নারী হাফ ম্যারাথনে এক সেকেন্ডের ব্যবধানে ছয় বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন কেনিয়ার অ্যাগনেস জেবেত এনগেটিচ। ২৫ বছর বয়সী এই দূরপাল্লার দৌড়বিদ ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।
নারীদের আলাদা হাফ ম্যারাথন রেসের আগের বিশ্বরেকর্ডটিও ছিল কেনিয়ারই পেরেস জেপচিরচিরের দখলে। ২০২০ সালে পোল্যান্ডের গদিনিয়ায় অনুষ্ঠিত বিশ্ব হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপে তিনি ১ ঘণ্টা ৫ মিনিট ১৬ সেকেন্ড সময় করেছিলেন। সেই রেকর্ডটি কেবল এক সেকেন্ডেই ইতিহাস হয়ে গেছে।
রোববার ডেনমার্কের রাজধানীতে শুরু থেকেই এগিয়ে থাকেন এনগেটিচ। শেষ পর্যন্ত আর কাউকেই তাকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেননি তিনি। এনগেটিচের সবচেয়ে কাছাকাছি ছিলেন স্বদেশি ভেরোনিকা লোলেও, তবে তিনিও ৫০ সেকেন্ড পরে লাইন ক্রস করেন। ফলে বিশ্বরেকর্ডের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকও জিতে নেন এনগেটিচ।
তবে এটি নারীদের হাফ ম্যারাথনের সামগ্রিক দ্রুততম সময় নয়। নারী-পুরুষ একসঙ্গে অংশ নেওয়া রেসের বিশ্বরেকর্ডটি এখনো ইথিওপিয়ার লেতেসেনবেত গিদেয়ের দখলে। ২০২১ সালে তিনি ১ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ড সময় করেছিলেন।
এনগেটিচের জন্য বর্তমান বছরটি যাচ্ছে দুর্দান্ত। জানুয়ারিতে বিশ্ব ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ছাড়াও এর আগে নারীদের আলাদা ১০ কিলোমিটার রেসের বিশ্বরেকর্ডও গড়েছেন কেনিয়ার এই দূরপাল্লার দৌড়বিদ।