জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশ্বাস দেন যে, নোট অব ডিসেন্ট যুক্ত থাকা অবস্থাতেই স্বাক্ষরিত জুলাই সনদ সরকার দ্রুত বাস্তবায়ন করবে। একই সঙ্গে সনদের বাইরেও জনকল্যাণমুখী কোনো পরামর্শ এলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জুলাই সনদ নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছিল। আমরা বারবার বলেছি, যেভাবে সনদ স্বাক্ষর হয়েছে, সরকার তা হুবহু বাস্তবায়ন করবে। নোট অব ডিসেন্ট যুক্ত স্বাক্ষরিত জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করবে সরকার।"

তিনি আরও জানান, দেশের মানুষের স্বার্থে সনদের বাইরেও যদি কোনো যৌক্তিক ও জনকল্যাণমুখী পরামর্শ আসে, তবে সরকার সেটিও সাদরে গ্রহণ করবে।

জুলাই সনদ ইস্যুতে কিছু রাজনৈতিক দলের বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলছে যে, সংখ্যাধিক্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে বিএনপি, এটি সম্পূর্ণ ভুল। নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। সনদ বাস্তবায়ন একপাক্ষিক হচ্ছে না, বরং ১৭ পাক্ষিক হচ্ছে। আবারও রাজনৈতিক দলগুলোকে প্রয়োজন হলে ডাকা হবে।

রোববারের এই বৈঠকে মোট ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত ছিলেন এবং একটি রাজনৈতিক দল তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছে। সব মিলিয়ে ১৭টি রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল। জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী, এনসিপিসহ আরও কয়েকটি দল বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকায় এদিন বৈঠকে অংশ নেয়নি।