চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি ও সিংহুয়া ইউনিভার্সিটির একদল গবেষক দাবি করেছেন, ৪৮ বছর ধরে অমীমাংসিত থাকা একটি গাণিতিক সমস্যার সমাধান করেছেন তারা। সাধারণ কম্পিউটারের তুলনায় কয়েক কোটি গুণ দ্রুত গণনা করতে সক্ষম কোয়ান্টাম কম্পিউটারের কিউবিট ইউনিট ব্যবহার করে এই অর্জন সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন জটিল সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে গবেষকরা এখন কোয়ান্টাম প্রযুক্তির সহায়তা নিচ্ছেন।

গবেষকদের দাবি অনুযায়ী, ১২১ কিউবিট সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসরযুক্ত যন্ত্রটি দুটি কঠিন গাণিতিক উপপাদ্য সফলভাবে প্রমাণ করেছে। তবে মূল বিষয়টি হলো, কেবল দ্রুত উত্তর পাওয়া নয়; বরং কোয়ান্টাম হার্ডওয়্যারে জটিল যৌক্তিক নিষ্কাশন সফলভাবে সম্পন্ন করা। সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য এই সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসর স্বয়ংক্রিয়ভাবে জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে গবেষকরা জানান।

এ বিষয়ে গবেষক নিয়াং ওয়াং জানান, প্রথম উপপাদ্যটি ছিল বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের লম্বালম্বি অবস্থান প্রমাণ করার একটি জ্যামিতিক পরীক্ষা। 'উ মেথড' নামক একটি সুপরিচিত পদ্ধতির হাইব্রিড রূপ ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটার এটি প্রমাণ করেছে। অন্যদিকে, অপর উপপাদ্যটি ছিল বেশ জটিল, যা পরস্পরছেদী ত্রিভুজ এবং বৃত্ত-সম্পর্কিত একটি জ্যামিতিক সমস্যার সাথে যুক্ত। এই সমস্যা সমাধানে গবেষকরা 'প্রতীকী প্রমাণ অনুসন্ধান' নামের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেন। গবেষকদের মতে, এই ফলাফল প্রমাণ করে যে স্বয়ংক্রিয় যৌক্তিক যুক্তি প্রমাণ করতে পারে কোয়ান্টাম প্রসেসর।

সূত্র: সায়েন্স অ্যালার্ট