কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা ও দাফন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

অপ্রতিম হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক দিবস পালিত হবে। এই দিনটিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস এবং পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। শনিবার রাত পৌনে নয়টার দিকে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২০ সেপ্টেম্বর সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ নোটিশের মাধ্যমে জানাবে।

প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম মুক্তকণ্ঠকে জানান, অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় গন্ধমতি এলাকার বর্তমান বাসার কাছে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

আগের দিন শুক্রবার বেলা আড়াইটার দিকে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়ে যান। তিনি কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে তিনি মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর আর তিনি বাসায় ফেরেননি। তার সাথে থাকা আইফোনটি এখনো উদ্ধার হয়নি।

অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।