চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আগমন করেছেন মালয়েশিয়ার ইউসিএসআই (UCSI) ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতি তাফসির। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীতে অবস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে একই দিনে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
সফরের প্রথম দিনে ড. সিতি হামিশাহ ইনসাইট ইন্সটিটিউট অব লার্নিং-এর (IIL) চেয়ারম্যান এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে বাংলাদেশ ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গভীর আলোচনা হয়। এরপর তিনি ইউনিভার্সিটির সিনিয়র ম্যানেজমেন্ট, ডিনগণ এবং শিক্ষকদের সাথেও আলাপ-আলোচনা করেন।
সেই দিন দুপুরে বাংলাদেশ ক্যাম্পাসের হলরুমে আয়োজিত শিক্ষার্থীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রফেসর ড. সিতি হামিশাহ। উন্মুক্ত আলোচনা পরিবেশে পাঠদান পদ্ধতি, কারিকুলাম সংস্কার এবং ক্যাম্পাস জীবন নিয়ে শিক্ষার্থীদের সাথে খোলামেলা কথা বলেন তিনি। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভাইস চ্যান্সেলর।
লিডারশিপ ও প্রাইভেট ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রদত্ত পাবলিক লেকচারে প্রফেসর জানান, "উচ্চশিক্ষায় প্রাইভেট ইউনিভার্সিটি বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগোচ্ছে। ইউসিএসআই ইউনিভার্সিটির কারিকুলাম এমনভাবে করা হয়েছে যাতে আমরা কেবল চাকরির জন্য গ্র্যাজুয়েট তৈরি করছি না, প্রত্যেকটি গ্র্যাজুয়েট চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে।"
সফর শেষে একই দিনে তিনি বনানী ক্যাম্পাসে ইউসিএসআই মেডিকেল রেফারাল সেন্টারের উদ্বোধন করেন। এই রেফারেল সেন্টারটি ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী খরচে মালয়েশিয়ার ইউসিএসআই হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।