বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামে দেশের প্রথম কমিউনিটিভিত্তিক অ্যাগ্রো ট্যুরিজম প্রকল্প ‘সুখের খামার অ্যাগ্রো লিমিটেড’ গড়ে উঠছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ত্রয়োদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এই প্রকল্পের নকশা উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে প্রকল্পের সাথে যুক্ত দেড় শতাধিক অংশীদারের হাতে জমির সাফ কবলা দলিল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মিলন মাহমুদ। সুখের খামার অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. তাসদীখ হাবীব এবং ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলামও এতে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পের নকশায় রয়েছে ১০০ কক্ষের রিসোর্ট রেস্টুরেন্ট, কনভেনশন হল, সুইমিং পুল এবং বোটিংয়ের মতো আধুনিক সুবিধা। রিসোর্টের পাশেই সমন্বিত কৃষি খামার, ৪০০ গরুর খামার, বটম ক্লিন পদ্ধতির মাছের খামার, ছাগল ও দুম্বার খামার স্থাপিত হবে। এছাড়া ১ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ, বায়োগ্যাস প্লান্ট, একটি জামে মসজিদ ও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসাও থাকবে।
প্রকল্পের মাটি ভরাট ও সড়ক নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর থেকে পুরোদমে নির্মাণকাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে চেয়ারম্যান মো. তাসদীখ হাবীব বলেন, "বাংলাদেশের কৃষি খাতের সবচেয়ে বড় সমস্যা হলো ন্যায্য দাম না পাওয়া। অ্যাগ্রো টুরিজম সে সমস্যার একটি সমাধান। কারণ, এখানে কৃষক শুধু ফসল বিক্রি করেন না, অভিজ্ঞতাও বিক্রি করেন। স্মার্ট কৃষিই হবে বাংলাদেশের পরবর্তী বিপ্লব আর সুখের খামার তার একটি বাস্তব উদাহরণ।"
ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম বলেন, "এক গ্রামে এক কোটি টাকার নতুন অর্থনীতি তৈরি হয়েছে। আমরা মাটি থেকে শুধু ফসল নয়, ভবিষ্যৎ ফলাতে চাই। আজকের এ নকশা সেই ভবিষ্যতেরই প্রতিচ্ছবি।"
সুখের খামার অ্যাগ্রো ভিলেজ বাংলাদেশের প্রথম কমিউনিটিভিত্তিক অ্যাগ্রো ট্যুরিজম প্রজেক্ট। এখানে সাধারণ মানুষ শেয়ারের মাধ্যমে জমিসহ প্রকল্পের মালিক হতে পারবেন। প্রকল্পের ১৫টি উৎস থেকে অর্জিত প্রকৃত লাভের অংশ তারা পাবেন। প্রতিবছর পরিবারসহ রিসোর্টে বিনা মূল্যে থাকার সুযোগ এবং উৎপাদিত প্রতিটি পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগও তাদের থাকবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে দেশের আটটি বিভাগে আটটি সুখের খামার অ্যাগ্রো ভিলেজ গড়ে তোলা।