নিউজিল্যান্ডের কিউই তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র মাঠে ম্যাচ খেলার সময় নয়, বরং একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হয়েছেন। ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার দৃশ্য ধারণ করার সময় তাঁর ডান কাঁধ ডিসলোকেট হয়েছে। এই আঘাতের কারণে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে তাঁর অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গত বুধবার অকল্যান্ডে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাইয়ের একটি প্রচারণামূলক শুটিংয়ে অংশ নিচ্ছিলেন রাচিন। ডাইভ দেওয়ার সময় নিরাপত্তার জন্য রাখা ম্যাটে অস্বাভাবিকভাবে পড়ে যান তিনি। ফলে সেখানেই তাঁর কাঁধে আঘাত লাগে।
শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের কাঠামোগত ক্ষতি পাওয়া যায়নি। তবে নিউজিল্যান্ড ক্রিকেট এখনও মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। পুনর্বাসনের শুরুতে কয়েক সপ্তাহের মধ্যে তাঁর উন্নতির ওপর ভিত্তি করেই ফেরার সময় নির্ধারণ করা হবে।
আগামী ২২ অক্টোবর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। সিরিজটির দল ঘোষণা হওয়ার কথা আগামী সপ্তাহে।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘অস্বাভাবিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, শুটিংয়ের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কার্যক্রমটি করা হয়েছিল। এরপরও ভবিষ্যতে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রমের প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করবে বোর্ড।
প্রধান কোচ রব ওয়াল্টারও রাচিনকে ফেরাতে তাড়াহুড়ো করতে চান না। সামনে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় পুরোপুরি সুস্থ হয়েই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা নিউজিল্যান্ডের।