বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত বেড়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার সকাল ৯টার দিকে এক বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এর আগে গতকাল শুক্রবার এ মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ফলে দামে বৃদ্ধি হয়েছে ১ হাজার ৬৯১ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা রাখা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫৭ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায়।