লাতিন আমেরিকার বলিভিয়ার ঘন জঙ্গলে একটি অজানা প্রজাতির বন্য বিড়ালের সন্ধান মিলেছে। স্থানীয় এক বাসিন্দা শরীরে ছোপ ছোপ দাগযুক্ত ও পোষা বিড়ালের মতো আকৃতির একটি বাচ্চা বিড়াল খুঁজে পান। প্রথমে তিনি এটিকে পোষা বিড়াল ভাবলেও, ক্রমবর্ধমান বয়সের সাথে এর আচরণ সাধারণ বিড়ালের মতো না দেখে সেটিকে প্রাণী আশ্রয়কেন্দ্রে পাঠান।

আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত বলিভিয়ার বিজ্ঞানী নোগালেস-আসারুনস বিড়ালটির বিশেষত্ব লক্ষ্য করেন এবং বুঝতে পারেন এটি একটি বন্য বিড়াল। এরপর তিনি অন্যান্য গবেষকের সহযোগিতায় বিষয়টি নিয়ে গভীর পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। গবেষণায় স্পষ্ট হয় যে, এটি সম্পূর্ণ নতুন এক প্রজাতির বন্য বিড়াল। আশ্রয়কেন্দ্রে এই প্রজাতির অন্য কোনো সদস্য আগে কখনো দেখা যায়নি।

গত বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী 'কারেন্ট বায়োলজিতে' প্রকাশিত গবেষণাপত্রে এই আবিষ্কারের কথা জানানো হয়েছে। গবেষণাপত্রের সহলেখক নোগালেস জানান, বন্য বিড়ালের এই নতুন প্রজাতির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে 'লেপার্ডাস টিলকায়ো' (Leopardus tigrinus)। স্থানীয়ভাবে এটিকে 'টাইগ্রিনো' নামে ডাকা হচ্ছে। বর্তমানে ১০ বছর বয়সী এই বিড়ালটির লম্বা ১৮ ইঞ্চি এবং ওজন প্রায় দেড় কেজি।

গবেষণাপত্রে উল্লেখ করা হয়, বিড়ালটি উদ্ধার করা হয়েছে বলিভিয়ার ইউঙ্গাস অঞ্চল থেকে। এটি মেঘাচ্ছন্ন ও উচ্চ আর্দ্রতার ঘন বনে ঢাকা একটি পাহাড়ি অঞ্চল। বিজ্ঞানী নোগালেসের ধারণা, এই প্রজাতির বন্য বিড়ালরা রাতে বেশি সক্রিয় থাকে। এছাড়া, বিড়ালটির মল থেকে ইঁদুরজাতীয় প্রাণীর দেহাবশেষ পাওয়া গেছে, যা সম্ভবত এদের প্রধান খাদ্য।

ফেলিডাই পরিবারের অন্তর্ভুক্ত হওয়ায় এই নতুন বিড়ালটি বাঘ, সিংহ, চিতা এবং অন্যান্য বিড়ালজাতীয় প্রাণীদের সাথে সম্পর্কিত। এর আগে ফেলিডাই পরিবারে মোট ৪১ প্রজাতির বিড়ালজাতীয় প্রাণী চিহ্নিত ছিল। নতুন এই প্রজাতি যুক্ত হওয়ার পর সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৪২-এ। তবে বিজ্ঞানীদের অনুমান, বিশ্বজুড়ে মোট বিড়ালের প্রজাতি ৪৪টি বা তার বেশি হতে পারে।