চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট লিংক রোড এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজের পরপরই বেশ কয়েকজন মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হন এবং মিছিল শুরু করার প্রস্তুতি নিতে থাকেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেই সময় সেখান থেকে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), রাউজানের কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বাড়ি চট্টগ্রামের রাউজান, বায়েজিদ ও হাটহাজারী এলাকায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, "জুমার নামাজের পরপর কিছু লোক মোটরসাইকেলে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ছয়জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

পুলিশ আরও জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।