শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে এই বাসভবন তাঁর কাছে তুলে দেওয়া হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশে শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের কষ্টকর জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নির্দেশনার পর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর ধরে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। এরপর স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন।
উক্ত নির্দেশনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল ও অন্যান্য নেতাদের সহযোগিতায় নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণ করা হয়।
আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে বাড়িটির চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে চাবি তুলে দেন। এ সময় তাঁকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেহ ও শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতারা গণমাধ্যমকে বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।