গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া খানম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে নিজ বসতঘরে মাল্টিপ্লাগে সংযুক্ত টেবিল ফ্যানের সুইচ দিতে যান লামিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মেঝেতে পড়ে যান। পরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ড জানান, হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে জানতে পারে, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।