গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহম্মদ আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কালিয়াকৈরে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সাইজ উদ্দিন আহম্মদ বলেন, "আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক। জীবনের সর্বোচ্চ দিয়ে দলের বিপদের সময় কাজ করেছি, জেল খেটেছি। আপনারা জানেন রাজনীতির মধ্যে ষড়যন্ত্র রয়েছে। বিগত সময়ে এই কালিয়াকৈরে বিএনপির নিবেদিত নেতাদের বাদ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদি ও সুবিধাভোগীদের নিয়ে কমিটি করা হয়েছে, সেসময়ে আমরা সবাইকে নিয়ে প্রতিবাদ করেছি। কমিটির মতো যদি মনোনয়ন নিয়েও ষড়যন্ত্র হয়, তাহলে আমরা ছেড়ে কথা বলব না। আমরা দল মনোনয়ন না দিলেও নির্বাচন করব।"

মতবিনিময় সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী জনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মন্ডল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু এবং সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচনী বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসময় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও আসন্ন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন।