মাসকাট ফেরত এক যাত্রীর কাছ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩১ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এতে আনুমানিক ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা মূল্যের স্বর্ণপিণ্ড ও অলংকার উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপ্রাচ্য থেকে আগত সালামএয়ারের একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান মুরাদকে নজরদারিতে রাখা হয়। বিমানবন্দরে নামার পর তাকে আটক করে সিআইআইডি কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, আটকের পর বিমানবন্দরের কাস্টমস হলরুমে সংশ্লিষ্ট সংস্থার উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টের মতো একটি স্বর্ণসদৃশ বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে তা প্রক্রিয়াজাত করলে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড পাওয়া যায়।
এ ছাড়াও যাত্রীর প্যান্টের পকেট থেকে ১০৬ গ্রাম ওজনের ৩৫ পিস স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মোট জব্দকৃত স্বর্ণের ওজন ৫৩১ গ্রাম।
এনবিআর কর্মকর্তা জানান, শুল্ক-করসহ জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা। এই ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।
এনবিআর সূত্র জানিয়েছে, বিশেষ কৌশলে স্বর্ণ আনার পেছনে আরও কেউ জড়িত কি না, এর উৎস ও গন্তব্য এবং কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।