রাজধানীর শাহবাগে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত জাতীয় ছাত্র কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী কওমি শিক্ষার স্বকীয়তা ও আদর্শ অক্ষুণ্ন রেখে কওমি সনদের মান কার্যকরের দাবি জানান। তিনি স্পষ্ট করে বলেন, "সরকার যেভাবে চায়, সেভাবে কওমি সনদের মান চাই না।"

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার অবনতির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। রিদওয়ান মাজহারী বলেন, "এ দেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে সঠিকভাবে গুরুত্ব না দেওয়ার কারণে বিভিন্ন ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দুঃখের কথা কি বলব, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অজপাড়াগাঁয়ে শিক্ষাব্যবস্থার যে দুরবস্থা, বৃষ্টি হলে শিক্ষার পরিবেশ থাকে না, আবার গরমকালে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণের সুযোগই থাকে না।"

দেশের নাগরিকদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষাখাতে ১৫ শতাংশ বাজেট বরাদ্দ রাখার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, "এ না হলে দক্ষ নাগরিক তৈরিতে ব্যর্থতার দায়ে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।" এছাড়া, ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি যুগোপযোগী উল্লেখ করে তিনি সংগঠনের নেতৃত্বকে ধন্যবাদ জানান।

কওমি সনদ বিষয়ক আলোচনায় তিনি বলেন, এই ইস্যু নিয়ে প্রায় দুই যুগ ধরে দেশে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, "আমাদের কওমি নেতৃত্ব যেভাবে কওমি শিক্ষার আদর্শ ও স্বকীয়তা রক্ষা করে কওমি সনদের দাবি জানিয়ে আসছে, সরকারকে সেভাবেই কওমি সনদের মান কার্যকর করতে হবে।"

বর্তমান সরকারের মন্ত্রীদের বক্তব্যের তীব্র সমালোচনা করে রিদওয়ান মাজহারী বলেন, "বর্তমান সরকারের মন্ত্রীরা বলেছেন, ২০০১ সালে যখন তারা ক্ষমতায় ছিলেন, তখন কওমি সনদের স্বীকৃতি দিতে চেয়েও দুয়েকটি দলের বাধার কারণে দিতে পারেননি। এই ধরনের তামাশাপূর্ণ বক্তব্য আমরা আর শুনতে চাই না। আপনারা সরকারের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত ছিলেন; সুতরাং কোনো দলের বাধার অজুহাত না দিয়ে এই ব্যর্থতার দায় আপনাদেরই নিতে হবে।"