প্রারম্ভিক তারিখ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা, প্রস্তুতির সময় নিয়ে ক্লাবগুলোর আপত্তি এবং জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া নিয়ে জটিলতার পরও আজ মাঠে গড়াচ্ছে ২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ। প্রথম দিন দেশের পাঁচ ভেন্যুতে পাঁচ ম্যাচ অনুষ্ঠিত হবে। সকল ম্যাচ বিকেল ৩টায় শুরু হবে।
গাজীরপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে রহমতগঞ্জ। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। চাঁদপুরে ফকিরেরপুল ইয়ংমেন্স ও ঢাকা ওয়ান্ডারার্স একে অপরের মুখোমুখি হবে। চট্টগ্রাম সিটি বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের বিরুদ্ধে মাঠে নামবে, আর মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আবাহনী খেলবে পিডব্ল্লিউডির বিপক্ষে।
গত মৌসুমের ১০ দলের পরিবর্তে এবার ১৩টি ক্লাব এই লিগে অংশ নিচ্ছে। নতুন দল যোগ হওয়ায় লিগের পরিধি বেড়েছে। ক্লাবগুলো মোট ৪৪৫ ফুটবলার নিবন্ধন করেছে, যাদের মধ্যে ৬৫ জন বিদেশি খেলোয়াড়।
মাঠের লড়াই শুরুর আগেই সূচি নিয়ে আলোচনা ছিল। আসিয়ান কাপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প চলমান থাকায় লিগ ও ফেডারেশন কাপ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল ১০টি ক্লাব। তাদের যুক্তি ছিল, গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়া ঘরোয়া প্রতিযোগিতায় নামলে দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। তবে শেষ পর্যন্ত সেই দাবি মেনে নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
প্রস্তুতির ধাপেও ক্লাবগুলোর অবস্থা সমান নয়। ফর্টিস, বাংলাদেশ পুলিশ ও সিটি ক্লাব সাত থেকে আট সপ্তাহ প্রস্তুতির সুযোগ পেলেও আবাহনী ও রহমতগঞ্জ দুই সপ্তাহেরও কম সময় পেয়েছে। ফকিরেরপুল ও ওয়ান্ডারার্স মাত্র কয়েকদিন অনুশীলন করেছে, অন্যদিকে ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি শেষ মুহূর্তে অনুশীলন শুরু করেছে।
সবচেয়ে বেশি জাতীয় দলের খেলোয়াড় থাকা মোহামেডান আজ মাঠে নামছে না। উদ্বোধনী রাউন্ডে তাদের কোনো ম্যাচ নেই। জাতীয় দলের ক্যাম্পে থাকা নিজের নয়জন খেলোয়াড় ফেরত চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল ক্লাবটি। এছাড়া ২৫ সেপ্টেম্বরের লিগ ম্যাচ এবং ২৯ সেপ্টেম্বরের ফেডারেশন কাপ ম্যাচ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে তারা।
বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অভিযান শুরু হবে শনিবার। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। গত মে মাসে আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল কিংস।
লিগ শুরুর চার দিন পর, ২২ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ। ফলে মৌসুমের শুরু থেকেই ব্যস্ত সূচির মধ্যে পড়তে যাচ্ছে দেশের শীর্ষ ক্লাবগুলো।